বেশি বেশি গোলের রহস্য

গোলের খেলা ফুটবল৷ আর সেদিক দিয়ে এবারের বিশ্বকাপ তো দুহাত ভরেই দিয়েছে। পরশু জাপান-গ্রিসের ম্যাচ-আগ পর্যন্ত ২৩ ম্যাচে গোল হয়েছে ৬৬টি, ম্যাচপ্রতি প্রায় ২.৮৭। ১৯৫৮ বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত কোনো বিশ্বকাপে এত গোল হয়নি। কিন্তু হঠাৎ করেই এত গোল হওয়ার কারণ কী?
টিকি-টাকার কল্যাণে!
একটু ভুরু কুঁচকে যেতে পারে। টিকি-টাকার সবচেয়ে বড় বিজ্ঞাপন যারা, সেই স্পেনই তো বিদায় হয়ে গেছে টুর্নামেন্ট থেকে! এটা সত্যি, গত বেশ কিছু বছর ধরেই টিকি-টাকা দর্শন অনেক ফুটবল দলের ওপরেই প্রভাব ফেলেছে। বল নিজেদের দখলে রাখা, প্লেসিং করা—এই মন্ত্র জপছে এখন অনেক দলই। জাভি ও ইনিয়েস্তারা দেখিয়ে দিয়েছেন এখন খেলোয়াড়েরা আগের চেয়ে বল দখলে অনেক বেশি ঝুঁকি নিতে অভ্যস্ত৷ এখন বেশি বেশি আক্রমণ, বেশি বেশি গোল—খুবই নিয়মিত দৃশ্য।
উষ্ণ আবহাওয়া
ব্রাজিলে তাপ ও আর্দ্রতা এমনিতেই একটু বেশি। গোলের সম্ভাবনাও সে কারণে বাড়ছে। কীভাবে? বেশি তাপ ও আর্দ্রতা মানে খেলোয়াড়েরা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে৷ আর যত বেশি ক্লান্তি ভর করে, রক্ষণে তত ভুলের সম্ভাবনাও বেড়ে যায়। অস্ট্রেলিয়ার কোচ অ্যাঞ্জে পোস্তেকগ্লুও বলেছেন গরম আবহাওয়ায় গোলের সম্ভাবনা বেশি বেড়ে যায়।
দ্রুত গোল পাওয়া
নিজেদের জালে মার্সেলোর দেওয়া টুর্নামেন্টের প্রথম গোল হতে সময় লেগেছিল মাত্র ১১ মিনিট। এর পর থেকে নিয়মিতভাবেই খেলার শুরুতে গোল হচ্ছে। টুর্নামেন্টের প্রথম ২০ ম্যাচেই ২৫টি গোল হয়েছে প্রথমার্ধে। আর শুরুতে গোল হতে খেলার আবহটাই পালটে যায়। এর মধ্যেই সাতটি দল পিছিয়ে পড়েও জিতেছে। ২০১০ সালে যেই কীর্তিটা ছিল মাত্র চারটি দলের।
ট্যাকটিক্যাল বিপ্লব
গত বিশ্বকাপে ৪-২-৩-১ ফর্মেশন অনেক জনপ্রিয় ছিল। কিন্তু এবার অনেক দেশই সেটা থেকে সরে এসেছে। ৫-৩-২ ফর্মেশনে স্পেনকে রীতিমতো বিধ্বস্ত করেছে হল্যান্ড। ব্যাপারটা ব্যাখ্যাও করেছেন আরিয়েন রোবেন, ‘আমাদের রক্ষণ অনেক নিচে নেমে খেলে। সেজন্য রবিন (ফন পার্সি) ও আমি অনেক বেশি জায়গা ফাঁকা পাই। প্রতি আক্রমণের সময় তো পুরো মাঠটাই পাই।’ আগের এক ফরোয়ার্ডের বদলে অনেকে দুজন নিয়ে খেলছে। আর বেশি ফরোয়ার্ড মানেই তো বেশি গোল।
জেরবার গোলরক্ষকেরা!
এর মধ্যেই ব্রাজিল বেশ কয়েকটি দুর্দান্ত গোল দেখেছে৷ ফন পার্সির হেড, কাহিলের ভপ্লি বা মেসির একক প্রচেষ্টার গোলের কথা বলতেই হবে। কিন্তু গোলরক্ষকেরা কি খুব ভালো করছেন? হল্যান্ডের সঙ্গে ক্যাসিয়াসের ওই দুটি ভুল, বা রাশিয়ার ইগর আকিনফিভ ও অস্ট্রেলিয়ার ম্যাথু রায়ানও হাস্যকর ভুল করেছেন৷ ব্রাজিলের হুলিও সিজার ও আর্জেন্টিনার সার্জিও রোমেরোকে নিয়েও আছে প্রশ্ন। এখনো নামেননি জিয়ানলুইজি বুফন।
কমেছে ব্যবধান
এখন দলগুলোর মধ্যে ব্যবধান অনেক কম। এবার র৵াঙ্কিংয়ের প্রথম ২৩টি দেশের ২২টি খেলছে বিশ্বকাপ। একমাত্র ইউক্রেনই (১৬) বাদ পড়েছে। অথচ গত বিশ্বকাপে ১০ থেকে ১২ পর্যন্ত তিনটি দল (ক্রোয়েশিয়া, রাশিয়া ও মিসর) ছিল না। সব মিলে খেলার গুণগত মান বেড়েছে, প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে গোলও। এএফপি, ওয়েবসাইট।